
রক্ষণাবেক্ষণ কাজের কারণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এই সময়সীমায় সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাসলাইন উন্নয়ন ও নতুন সংযোগ স্থাপনের কাজ চলবে এ সময়। রক্ষণাবেক্ষণের কারণে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা সাময়িকভাবে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।
কোম্পানি সতর্ক করেছে, গ্যাস সরবরাহ বন্ধের সময় এবং পুনরায় চালুর আগে গ্যাস চুলা ও সংযোগের সব বাল্ব বন্ধ রাখতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এ কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।
সিএনআই/২৫