
রাজধানীতে আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানসহ ১২ দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিচ্ছে। জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থাকছে এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিটিটিএফ প্রেস মিটে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান।
টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন বলেন,
“এবারের মেলা আগের চেয়ে আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা মেলার সার্বিক সহযোগিতা করছে।”
তিনি জানান, বিটিটিএফ আয়োজনের সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
অংশগ্রহণকারী দেশসমূহ
এবারের মেলায় অংশ নিচ্ছে—
পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন ও তুরস্ক।
মেলার আয়োজন ও আকর্ষণ
চারটি হলে থাকবে ২০টি পেভিলিয়ন ও ২২০টি স্টল। পাশাপাশি থাকবে বিটুবি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, এবং প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন ও বাংলাদেশের পর্যটন গন্তব্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
দর্শনার্থীদের জন্য থাকছে র্যাফেল ড্র পুরস্কার, যেখানে কেবল বিটিটিএফ অ্যাপের মাধ্যমে প্রবেশকারী দর্শনার্থীরাই অংশ নিতে পারবেন। এ ছাড়া বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে প্রবেশ মূল্যে দিচ্ছে ক্যাশব্যাক অফার।
টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন,
“২০০৭ সাল থেকে টোয়াব নিয়মিতভাবে বিটিটিএফ আয়োজন করছে। এই মেলার লক্ষ্য হচ্ছে পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এবারের মেলা দেশি-বিদেশি পর্যটক ও উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও আশা প্রকাশ করেন, বিটিটিএফ-২০২৫ বাংলাদেশের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সিএনআই/২৫