৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই কাজ করতে হবে: তারেক

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।

সভায় তারেক রহমান বলেন,

“আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী, তারা কখনও বিএনপিকে ভাঙবেন না।”

মতবিনিময় চলাকালে উপস্থিত মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, বিকেল ৪টায় প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সভায় বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা জোর দিয়ে বলেন,

“দলীয় শৃঙ্খলা মেনে চলাই এখন সবার প্রথম দায়িত্ব। কঠিন সময়েও সিদ্ধান্তের প্রতি আনুগত্যই বিএনপিকে শক্ত করবে।”

সিএনআই/২৫

শেয়ার করুন