১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে জবি ছাত্র অধিকারের চার দাবি

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উদ্ভূত রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বরাবর পাঠানো এক চিঠিতে তারা এই দাবিগুলো তুলে ধরেন।

ছাত্র অধিকার পরিষদের দাবিসমূহ:

1. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংঘর্ষ এবং উত্তেজনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

2. শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহনশীল ও শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করা।

3. রাজনৈতিক কর্মকাণ্ড যেন একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ।

4. শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন।

 

ছাত্র অধিকার পরিষদের উদ্বেগ
চিঠিতে পরিষদের পক্ষ থেকে বলা হয়, ক্যাম্পাসে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এর ফলে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা উল্লেখ করেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রতিটি শিক্ষার্থীর ন্যায্য অধিকার। তবে রাজনৈতিক প্রভাব ও সংঘর্ষের কারণে এই অধিকার ব্যাহত হচ্ছে, যা একাডেমিক কার্যক্রমের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

চিঠিতে স্বাক্ষর করেন পরিষদের সভাপতি একেএম রাকিব, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল আমিন, এবং দপ্তর সম্পাদক কাজী আহাদ।

ছাত্র অধিকার পরিষদের অবস্থান
সংগঠনের সভাপতি একেএম রাকিব বলেন, “ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা শিক্ষার অন্তরায়। আমরা প্রশাসনকে বলতে চাই, রাজনৈতিক কর্মীবান্ধব না হয়ে শিক্ষার্থীবান্ধব হন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”

প্রশাসনের প্রতিক্রিয়া
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিচ্ছি এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের প্রক্টরিয়াল বডি এ বিষয়ে সচেতন রয়েছে। সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন