১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নি হ ত

শেয়ার করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

এছাড়া এই সময়ের মধ্যে হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মৃত্যু ও আহতের ভয়াবহ পরিসংখ্যান
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৪৮৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় এক লাখ ৮ হাজার ৯০ জন।

ধ্বংসস্তূপের নিচে এখনও বহু লোক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের মতে, নিখোঁজদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধারকাজে বাধার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের উদ্বেগ
ইসরায়েলের আক্রমণে গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের মতে, এসব হামলায় উপত্যকার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে পুরো গাজা এখন মানবিক বিপর্যয়ের মুখে।

ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই ইসরায়েল আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।

 

শেয়ার করুন