
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঘটনাস্থল ঘুরে দেখেন।
তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে জানান, অগ্নিকাণ্ডটি ভবনের ষষ্ঠ তলায় শুরু হয়। ফায়ার সার্ভিস রাত ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এক ফায়ার ফাইটার শাহাদাত বরণ করেছেন। তিনি সচিবালয়ের বাইরে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় মারা যান। আরও দুই থেকে তিনজন আহত হলেও তারা বর্তমানে সুস্থ আছেন।
৭ নম্বর ভবনটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যক্রমের কেন্দ্র। প্রাথমিক তথ্যে জানা যায়, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।