২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী নিজ দলের ভাঙন রোধে উঠেপড়ে লেগেছেন। পাশাপাশি বিজেপিকেও সামলাতে খাচ্ছেন হিমশিম। এ পরিস্থিতিতে ২১ জুলাই ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থি তৃণমূলের কর্মিসভা হয়। সেখানেই কুণালের ফোনের মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশে ১২ মিনিট বক্তৃতা করেন মমতা। সেখানেই তিনি ২১ জুলাই জমায়েতের ডাক দিয়েছেন।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ২০১৮ সালের ২১ জুলাই সভা হয়েছিল বলে ইতোমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এক জনস্বার্থ মামলাকারী। যার প্রেক্ষিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার মধ্যেই ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বার ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির ডাক দিয়ে দিলেন মমতা। রাজনৈতিক মহলের অনেকের মতে, উত্তর কলকাতার কর্মিসভায় এ কথা বললেও, আসলে মমতা গোটা রাজ্যের সংগঠনের মধ্যেই একুশের বার্তা দিতে চেয়েছেন।

মমতা বলেন, ২১ জুলাই আশা করি অনুমতি পাব। আমরা একটা দিনই মিটিং করি। সে দিন বিস্তারিত বলব। পাঁচজন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকব। আপনারা ওই দিন সমবেত হোন।

তিনি আরও বলেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?

মমতার এ কথা বলামাত্র করতালিতে ফেটে পড়ে রামমোহন লাইব্রেরি। সংসদীয় দল থেকে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘যাদের সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। আর যারা ভাবছেন এই ভাবে চলবেন, তারা কিন্তু না ঘর কা না ঘাট কা হয়ে থাকবেন।’

 

শেয়ার করুন