৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। একই সঙ্গে ইরানের ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে। শুক্রবার এ হামলার কথা জানায় তারা।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজের দিকে ছোড়া ইরানের চারটি ড্রোন ভূপাতিত করেছে তারা। পরে গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড আরো জানায়, ইরানের ছোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল। আর পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলায় চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, এমন কয়েকটি দেশে হামলা চালায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবসহ কয়েকটি দেশে চালানো হামলার নিশানা ছিল বিমানবন্দর, দূতাবাস, জ্বালানি স্থাপনা, মার্কিন দূতাবাস।

যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, আলি লারিজানির মতো নেতাদের হারায় ইরান। তবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখে দেশটি।

এক মাসেরও বেশি সময় পরে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হলে গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ম্যারাথন বৈঠক করেও ইরান ও মার্কিন প্রতিনিধিরা চুক্তি করতে ব্যর্থ হন।

এমন অবস্থার মধ্যে দুই দেশই শান্তির জন্য দফায় দফায় প্রস্তাব ও পাল্টা প্রস্তাব দিয়ে আসছে। এরপরও দুই পক্ষের নেতারা বারবার ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজন হলে তারা একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাতে প্রস্তুত।

 

শেয়ার করুন