২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

শেয়ার করুন
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা। এই সিরিজ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করল বাংলাদেশ।

এছাড়া এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট ছয়ে রয়েছে। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও বিশ্বমঞ্চে আরো বড় সাফল্য অর্জন করবে বাংলাদেশ দল।

এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারেক রহমান।

শেয়ার করুন