১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে ভারতে পালানোর সময় গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।

সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

মৌলভীবাজার পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ দল বড়লেখা থানাধীন দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাহেদ হোসেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য।

পুলিশ জানায়, তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। সিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১টা ৩০ মিনিটে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে সিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রেড অ্যালার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করছিল।

শেয়ার করুন