
মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাহমুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার, ১৩ মে ২০২৬ রাত প্রায় ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহমুদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার বক্স বাড়িতে। তিনি আসকর আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে মাহমুদ হাইল হাওরে যান। সারাদিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে হাইল হাওরের রাজাপুর অংশে তার মরদেহ পানিতে ভাসতে দেখা যায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।