
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১০৮টি ফ্লাইটে চেপে মোট ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার (৩ মে) সকালে প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করা হয়।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে হেল্প ডেস্ক এই প্রতিবেদন প্রকাশ করেছে।
বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত সাতজন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় ইন্তেকাল করেছেন।
স্বাস্থ্যসেবার বিষয়ে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম ইতোমধ্যে ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় রয়েছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে সাত হাজার ৮৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এদিকে, ঢাকাস্থ সৌদি দূতাবাস শতভাগ ভিসা ইস্যু সম্পন্ন করেছে। মোট ৭৮ হাজার ৫০০টি ভিসার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।