
মো:-জাহিদুল ইসলাম, সীতাকুণ্ড চট্টগ্রাম:
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন বড় কুমিরা এলাকায় ইসমাইল আয়রন মার্ট নামে একটি ভাঙারি (স্ক্র্যাপ) দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন দোকান মালিক মো. কামাল হোসেন (৪৪), ও হেলাল উদ্দিন (১৮), কর্মচারী (চাচা-ভাতিজা সম্পর্ক) গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২ মে) দুপুর আনুমানিক ২টার সময় কুমিরা ইউনিয়ন মাজার গেইট এলাকায় কর্ণফুলী স্টিল মিলের সামনে ইসমাইল আয়রন মার্ট নামের একটি স্ক্র্যাপ দোকানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে অক্সিজেন গ্যাস সিলিন্ডার নসিমন থেকে নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই নসিমন চালক আরমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম , এন টিভি অনলাইনকে জানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার নসিমন থেকে আনলোড করার সময় ঢাকনা খুলে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন।ঘটনার তদন্ত চলমান , অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হবে।