৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে ত্রিপক্ষীয় আলোচনা, ক্লাসে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রবি-সোমবার

শেয়ার করুন

ববি প্রতিনিধি:

পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান অচলাবস্থা নিরসনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রশাসনের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের জরুরি ভিত্তিতে তলব করা হয়। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাতেন, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন রাহাত হোসেন ফয়সাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হাফিজ আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন।

দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা নিরসনে বড় অগ্রগতি হয়েছে। ডিনরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং নিয়মিত কার্যক্রম শুরু করতে নীতিগত সম্মতি প্রদান করেছেন।তবে শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে আগামী ররি-সোমবার

জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিভাগীয় কমিশনার ও উপাচার্য মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে, আইন অনুযায়ী সকল দাবি পূরণ করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা আমাদের দ্রুত ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। যেহেতু পূর্ববর্তী আন্দোলনের সিদ্ধান্তটি সকল শিক্ষক মিলে নিয়েছিলেন, তাই আমরা রবি বা সোমবারের মধ্যে সাধারণ শিক্ষকদের সাথে বসে আলোচনা করব। সবার মতামতের ভিত্তিতেই আমাদের পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, চলমান সংকট নিয়ে বিভাগীয় কমিশনার ও উপাচার্য মহোদয়ের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁরা আমাদের দাবির কিছু বিষয়ে একমত পোষণ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে শিক্ষকদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির জন্য যত দ্রুত সম্ভব বোর্ড বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। একইসাথে শিক্ষার্থীদের স্বার্থে আমাদের ক্লাস ও পরীক্ষায় ফেরার অনুরোধ জানিয়েছেন।

এব বিষয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন , ‎ বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে আমরা ডিনদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের দাবিগুলো শুনেছি। আইন অনুযায়ী শিক্ষকরা যা প্রাপ্য, তা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাব। তিনি সেগুলো যাচাই-বাছাই করার পর আমরা শীঘ্রই একটি সিন্ডিকেট মিটিং ডেকে সমস্যার সমাধান করব। আমি শিক্ষকদের ক্লাস ও পরীক্ষায় ফেরার অনুরোধ জানিয়েছি। তারা আমাদের জানিয়েছেন যে আগামী রবিবারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবেন।

শেয়ার করুন