
নোসক প্রতিনিধি, সুমাইয়া আক্তার:
নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকদের উপর ছাত্রদলের আক্রমণ, হামলা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীর।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২০২৬) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় শিক্ষার্থীরা “শিক্ষকদের উপর হামলা কেনো প্রশাসন বিচার চাই, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মানি না মানবো না” সহ বিভিন্ন শ্লোগান দেন এবং কলেজে ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে শিক্ষক হেনস্তাকারী ও সন্ত্রাসীদের বাদ দিয়ে এবং নিয়মিত শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দৃশ্যমান নাহলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষক পরিষদের সম্পাদক সহ কয়েকজন শিক্ষক দুপুরের খাবার গ্রহণের সময় কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান শাওন সহ কয়েকজন অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং শিক্ষকদের খাবার টেবিল থেকে উঠিয়ে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এসময় একজন শিক্ষককে শারীরিকভাবে আঘাত করে তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলে।
উল্লেখ্য যে, এ ঘটনায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার দিবাগত গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজ ছাত্রদল সভাপতির পদ ২মাসের জন্য স্থগিত করা হয় এবং বাকি তিন ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।