১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

শেয়ার করুন

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত আলোচনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এজন্য দুই দেশের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন। আজ বিকেলে ইসলামাবাদে শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিমের ইসলামাবাদে অবস্থানরত প্রতিবেদকের বরাতে জানা গেছে, যদিও কিছু সূত্রে বলা হয়েছিল যে স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠক শুরু হবে। বাস্তবে তা বিলম্বিত হয়ে বিকেলে শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

সূত্র জানিয়েছে, আলোচনার আগে উভয় দেশের প্রতিনিধিদল পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপরই মূল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে কিছু গণমাধ্যমে সকাল ৮টায় বৈঠক শুরুর খবর প্রচার করা হলেও তা সঠিক নয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখে, যার অংশ হিসেবে ৮ এপ্রিল থেকে আলোচনার পথ উন্মুক্ত হয়।

এছাড়া ইরান একটি দশ দফা প্রস্তাব উপস্থাপন করেছে। এতে যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মতো দাবি অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন