
বাংলাদেশে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা বাংলাদেশের ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবি করে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ হস্তক্ষেপ করে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেন এবং ‘বিচার চাই’, ‘হিন্দু হত্যা বন্ধ চাই’—এমন স্লোগান দেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহত দীপু চন্দ্র দাস (২৫) গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় একদল লোকের হামলায় প্রাণ হারান। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।
অন্যদিকে, ভারত সরকার বলেছে, বিক্ষোভটি স্বল্পস্থায়ী ছিল এবং এতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তবে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
সিএনআই/২৫