২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে হাদি হত্যার বিচার দাবিতে প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুন


ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।

বক্তারা ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তোলেন।

যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, আজাদির সংগ্রামে শহীদ হাদি একটি প্রেরণার নাম। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখিয়ে যাবেন।

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, শহীদ হাদির আদর্শ ধারণ করে দেশে ও প্রবাসে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা হবে। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দেশ-বিদেশে কিছু স্বার্থান্বেষী মহল হত্যাকারীদের আড়াল করতে নানা অপপ্রচার চালাচ্ছে, যা জনগণ ও জুলাই যোদ্ধারা প্রতিহত করবে।

সমাবেশে গবেষক ইশতিয়াক আকিব, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন