
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে একজন একাই দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট করেন এবং সেই টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কেনেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংও।
ডিএমপির তথ্যমতে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মো. নাইম (২৬) নামের এক ব্যক্তিকে লুট হওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেন। ওই অর্থ দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনা হয়, যা পরে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন— আকাশ আহমেদ সাগর (২৮), আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), রাশেদুল ইসলাম (২৫), শফিকুল ইসলাম (৩৪), প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে এবং দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর ওই মামলা দায়ের করা হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, দুটি দৈনিক পত্রিকায় হামলার ঘটনায় থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম ইউনিট ৩ জন এবং ডিবি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক আইনে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সিএনআই/২৫