২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ক্রিকেটার ও কোচ নিতে চেয়েছিল সৌদি আরব

শেয়ার করুন


ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও দ্রুত উন্নতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সৌদি আরব। শক্তিশালী দল গঠনের উদ্দেশ্যে উপমহাদেশসহ আশপাশের দেশগুলো থেকে ক্রিকেটার ও কোচ এনে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রস্তাব দেয় সৌদি আরব ক্রিকেট বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এই প্রস্তাব গ্রহণ করেনি বিসিবি। ‘ভিশন ২০৩০’-এর আওতায় ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত অগ্রগতির লক্ষ্য নিয়ে সৌদি কর্তৃপক্ষ বিদেশি ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে নিজেদের জাতীয় দলে খেলানোর পরিকল্পনা করছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব পুরুষ ও নারী—উভয় বিভাগের ক্রিকেটার এবং কোচ চেয়েছিল বাংলাদেশ থেকে। তবে দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় এই প্রস্তাব নাকচ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সৌদি আরব প্রায় দুই মাস আগে তার কাছে প্রস্তাবটি দিয়েছিল। কিন্তু দেশের স্বার্থের কথা ভেবে তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, নিজের দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে কোনোভাবেই বিদেশে খেলোয়াড় বা কোচ দেওয়ার প্রশ্ন ওঠে না।

উল্লেখ্য, সৌদি আরব ইতোমধ্যে লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জনের মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগকারী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কৌশলগত সহায়তায় তারা উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে।

সিএনআই/২৫

শেয়ার করুন