
নব্বইয়ের দশকে রুপালি পর্দায় হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের মন জয় করা জুহি চাওলা আজ শুধু সাবেক বলিউড তারকা নন—তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের একজন। অভিনয় থেকে অনেকটাই দূরে থাকলেও বিনিয়োগ ও ব্যবসায়িক দূরদর্শিতার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সাম্রাজ্য।
জুহি চাওলা ও শাহরুখ খান নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। পরিচালক আজিজ মিরজাকে নিয়ে এই ত্রয়ীর বন্ধুত্ব ও পার্টনারশিপ সিনেমার গণ্ডি ছাড়িয়ে ব্যবসায়ও বিস্তৃত হয়। এর সবচেয়ে বড় উদাহরণ আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আইপিএলের প্রথম নিলামে জুহির স্বামী শিল্পপতি জয় মেহতা ও শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কেকেআর কিনেছিলেন জুহি চাওলা। সময়ের সঙ্গে সেই বিনিয়োগ পরিণত হয়েছে ইতিহাসের অন্যতম লাভজনক স্পোর্টস ব্র্যান্ডে। বর্তমানে কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি রুপির বেশি বলে ধারণা করা হচ্ছে।
আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো আইপিএল লিগের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৪৫ লাখ কোটি রুপি। এর মধ্যে শুধু কেকেআরের ব্র্যান্ড ভ্যালুই প্রায় ১ হাজার ৯১৫ কোটি রুপি। ২০২৪ সালের আইপিএল শিরোপা জয়ের পর দলটির মূল্য আরও বেড়েছে।
ব্যক্তিগত সম্পদের হিসাবেও জুহি চাওলার উত্থান চোখে পড়ার মতো। এক বছর আগেও তার মোট সম্পদ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে—অর্থাৎ এক বছরে সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি রুপি।
এই সাফল্যের সুবাদে ভারতের শীর্ষ ১০ জন স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা। নব্বইয়ের দশকের পর্দার নায়িকা থেকে আজকের কর্পোরেট সাফল্যের প্রতীক—জুহি চাওলার এই যাত্রা প্রমাণ করে, সত্যিকারের নায়িকারা শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও ইতিহাস গড়তে জানেন।
সিএনআই/২৫