
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগটি মামলায় রূপ নিয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে থানার মাধ্যমে আদালতে সোপর্দ করবেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। এ মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হলেও অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় ছিলেন।
সিএনআই/২৫