২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে নিয়ে মধ্যরাতে নাহিদ ইসলামের আবেগঘন পোস্ট

শেয়ার করুন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি হাদির প্রতি গভীর অনুভূতি ও আত্মসমালোচনার কথা তুলে ধরেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “ভাই হাদি, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য দাঁড়িয়েছিলেন, আর আমরা ব্যর্থ হয়েছি আপনাকে রক্ষা করতে।” তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলন, মর্যাদা ও ন্যায়ের জন্য হাদি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।

তিনি আরও লেখেন, জুলাইয়ের সাহসী ও আশাবাদী তরুণদের ঐক্য ধরে রাখতে না পারার ব্যর্থতা তাদের ছিল। রাজনৈতিক ভুল ও সময় নষ্টের খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে যারা নিহত হয়েছেন, তারা কোনো পদ বা ক্ষমতার জন্য জীবন দেননি; তারা প্রাণ দিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখার কারণে।

এনসিপির আহ্বায়ক লেখেন, “আমরা চাপে আছি, আহত হয়েছি, কিন্তু এখনো দাঁড়িয়ে আছি। এই সংগ্রাম চলবে—যাতে এ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।” তিনি নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করলেও পিছু হটার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, শত্রুদের প্রতিও ন্যায়বিচার চর্চা করা হবে, তবে ফ্যাসিবাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা দেশ ধ্বংস করেছে এবং নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তাদের জন্য কোনো ছাড় থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

পরিশেষে তিনি লেখেন, “আমাদের মাঝে ফিরে আসুন, ভাই। আমরা অপেক্ষা করছি। আমরা জীবন হারাতে পারি, কিন্তু জুলাইকে কখনো ছেড়ে দেব না।”

সিএনআই/২৫

শেয়ার করুন