
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
বিকেল ৩টার দিকে শহীদ আবু সাঈদ ফটক থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
মিছিলে অংশ নিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও শাখা ইসলামী ছাত্রশিবির নেতা মো. আহমাদুল হক আলবির বলেন, “জুলাইয়ে হাসিনা যে ম্যাসাকার চালিয়েছেন তার জন্য দেশে সকল ফাঁসির কাষ্ঠেও তাঁর প্রায়শ্চিত্ত হবে না। তারপরও তাঁর নিজের গড়া অন্যায় আদালতেই মানবতাবিরোধী অপরাধের রায় এসেছে, এটা জাতির জন্য আনন্দের। তাঁকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করলে জাতি আরও উল্লসিত হবে।”

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. আশিকুর রহমান বলেন, হাসিনার ফাঁসির রায় আদতে ছাত্রজনতার আরেকটি বিজয়। একইসঙ্গে, শেখ হাসিনাকে “খুনি” আখ্যা দিয়ে দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের আনন্দ মিছিলে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, “রায়টি সন্তোষজনক। তবে মনে রাখতে হবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় শহীদ আবু সাঈদের রক্তের কাছে ঋণী। তাঁর হত্যাকারীদেরও যথাযথ বিচার হবে এটাই আমাদের প্রত্যাশা।”
রায় ঘোষণার দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তাল ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস। মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তাঁরা রায়ের প্রতি সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।
রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
সিএনআই/২৫