
দেশজুড়ে অক্টোবর মাসে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার, রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি ও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এই মানবাধিকার প্রতিবেদন তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে মোট ৬৬টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করা হয়, যা সেপ্টেম্বরে ছিল ৫২টি। অধিকাংশ লাশ পাওয়া গেছে নদী, খাল, সেতুর নিচে, মহাসড়ক বা রেলপথের পাশে এবং পরিত্যক্ত স্থানে। কিছু মৃতদেহে গলাকাটা, বস্তাবন্দি বা রক্তাক্ত অবস্থার চিহ্নও পাওয়া গেছে।
কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে। অক্টোবর মাসে কারাগারে ১৩ জন বন্দির মৃত্যু হয়েছে, সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৮। মৃতদের মধ্যে ছয়জন কয়েদি ও সাতজন হাজতি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছয়জন, কাশিমপুর, শেরপুর, খুলনা, টাঙ্গাইল, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ কারাগারে একজন করে বন্দি মারা যান। সকলের মৃত্যু হয়েছে হাসপাতালেই।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, অজ্ঞাত লাশ ও কারা হেফাজতে মৃত্যুর হার বৃদ্ধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
রাজনৈতিক সহিংসতার ঘটনাও বেড়েছে। অক্টোবরে এমন ৪৯টি ঘটনায় ৫৪৯ জন আহত ও দুজন নিহত হয়েছেন। নিহতরা বিএনপির কর্মী-সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল ৩৮টি। এ ছাড়া ১১টি ঘটনায় পার্টি অফিস, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে হামলা ও অগ্নিসংযোগ ঘটে।
গণপিটুনির ঘটনাও সামান্য বেড়েছে। অক্টোবর মাসে ৪৪টি ঘটনায় ১২ জন নিহত হয়েছেন, যা সেপ্টেম্বরে ছিল ২৪ জন।
সার্বিকভাবে, এমএসএফ জানায়, অক্টোবর মাসে দেশে সহিংসতা ও মৃত্যুর এই বৃদ্ধিমুখী প্রবণতা উদ্বেগজনক এবং মানবাধিকারের জন্য বড় হুমকি।
সিএনআই/২৫