৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ আসিফের কবর জিয়ারতে নোবিপ্রবি ছাত্রদলের কার্যক্রম শুরু

শেয়ার করুন

নোবিপ্রবি প্রতিনিধি: বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদল।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকালে নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন এবং সন্ধ্যায় নেতৃবৃন্দ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ হোসেনের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

জিয়ারত শেষে সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “আমরা চাই নোবিপ্রবির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের স্পিরিটে গড়ে উঠুক। আজ আমরা ২০২৪ এর জুলাই গনঅভ্যুত্থানের শহীদ আসিফ হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে নতুনভাবে অনুপ্রাণিত হয়েছি। দো’আ করবেন, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই।”

সভাপতি জাহিদ হাসান বলেন, “একাত্তরের বীরসন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে নির্মমভাবে হত্যা করেছিল এদেশের রাজাকার বাহিনী। তার স্মৃতি বিজড়িত স্থানে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে অঙ্গীকার ব্যক্ত করছি উনাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে রাজাকারদের উদ্দেশ্য বাস্তবায়িত হতে দিব না।আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ আসিফের কবর জিয়ারত করেছি। একাত্তর ও চব্বিশের স্পিরিটকে সমুন্নত রেখে নোবিপ্রবি ছাত্রদল ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে।”

নোবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ দেশমাতৃকার প্রতি অগাধ ভালোবাসা, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে দেশ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন