
ভারতের আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। নিহত রোহিণীর বয়স ছিল ৩৫ বছর।
ভারতীয় গণমাধ্যম জানায়, রোহিণীর বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর বাবা-মা কেউই বাড়িতে ছিলেন না।
রোহিণীর বোন রোশনি জানান, তিনি একটি বেসরকারি স্কুলে মার্শাল আর্ট কোচ হিসেবে কাজ করতেন এবং চাকরি নিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার আগে সকালে কারও সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন, এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
রোহিণী ২০০৭ সালে খেলাধুলায় ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৫ সালে পেশাদার জুজুৎসু খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি হাংজু এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেন। এছাড়া বার্মিংহাম ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে অংশ নেন।
সিএনআই/২৫