
সন্ধ্যা ৬টার পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে—এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৬ অক্টোবর) এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোল স্থলবন্দরের পণ্য আমদানি বা রপ্তানিতে কোনো নতুন আদেশ বা বিধিনিষেধ আরোপ করা হয়নি। আগের নিয়মেই পণ্যের বাংলাদেশে প্রবেশ ও বহির্গমন কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কার্যক্রম যথারীতি সচল রয়েছে। সন্ধ্যার পরেও নিয়মিতভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হচ্ছে।”
এনবিআর সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে, এ ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের প্রচারে বিশ্বাস না করতে এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে।
বেনাপোল স্থলবন্দর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, যা প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করে।