১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার এখনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি’ -নাহিদ ইসলাম

শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এ বছর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। অন্তর্বর্তী সরকার এখনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, “গত সাত মাসে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক ব্যবস্থা ও আইনের শাসন স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিছু অগ্রগতি হলেও, তা প্রত্যাশিত মাত্রায় পৌঁছেনি। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আমি মনে করি না যে, এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি সম্প্রতি জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নাহিদ ইসলাম তার বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।

তবে তিনি বলেন, যখনই নির্বাচন হবে, জাতীয় নাগরিক পার্টি তাতে অংশগ্রহণের জন্য প্রস্তুত। তবে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্যে পৌঁছানোকে অগ্রাধিকার দিতে চান। নাহিদ ইসলাম বলেন, “যদি আগামী এক মাসের মধ্যে রাজনৈতিক দলগুলো ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তাৎক্ষণিক নির্বাচন সম্ভব হবে। অন্যথায়, নির্বাচনের সময়সূচি পেছাতে হতে পারে।”

তিনি আরও জানান, নতুন দলকে প্রতিষ্ঠিত করতে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা অর্থায়ন করছেন। একইসঙ্গে দলীয় কাঠামোকে শক্তিশালী করতে খুব শিগগিরই নতুন অফিস চালু করা হবে এবং সাধারণ জনগণের কাছ থেকেও নির্বাচনী তহবিল সংগ্রহ করা হবে।

[সূত্র: রয়টার্স]

শেয়ার করুন