২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

শেয়ার করুন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরও ২১ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। একইসঙ্গে তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব তলব করা সাংবাদিকরা হলেন: দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর, সমকালের সাংবাদিক রামা প্রসাদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, উপ-সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, আমাদের সময় ডটকমের চিফ রিপোর্টার দীপক চৌধুরী, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী, একুশে সংবাদ ডটকমের সম্পাদক জিয়াদুর রহমান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এস এ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন এবং একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, এসব সাংবাদিকের হিসাব খোলার ফরম, কেওয়াইসি, এবং লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় দলিল সাত কার্যদিবসের মধ্যে সংস্থাটিতে পাঠাতে হবে।

পূর্ববর্তী ঘটনাপ্রবাহে দেখা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন, যা টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা করে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ব্যাংক হিসাব তলব করা হয়।

বিএফআইইউ জানায়, তলব করা হিসাবগুলোতে কোনো সন্দেহজনক লেনদেন, অর্থপাচার বা অনিয়ম পাওয়া গেলে সেই তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের জন্য পাঠানো হবে।

 

শেয়ার করুন