
আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল, ২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার), থেকে পবিত্র রজব মাস শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা নিয়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে নিশ্চিত হওয়া যায় যে, আজ ২৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি, ১ জানুয়ারি ২০২৫ খ্রি., বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।
এর ভিত্তিতে, আগামীকাল ২ জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এর ধারাবাহিকতায়, ২৬ রজব ১৪৪৬ হিজরি, ২৭ জানুয়ারি ২০২৫ খ্রি. দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।