
বিদায়ী ২০২৪: আলোচিত সংলাপগুলো এক নজরে
২০২৪ সাল ছিল নানা আলোচিত ঘটনার বছর। নির্বাচন, গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ঘটনার মাধ্যমে এই বছরটি স্মরণীয় হয়ে থাকবে। এসব ঘটনা থেকে উঠে আসা সংলাপগুলো ছিল সামাজিক যোগাযোগমাধ্যম, আড্ডা এবং কর্মক্ষেত্রে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। এক নজরে বিদায়ী বছরের সেই আলোচিত সংলাপগুলো দেখে নেওয়া যাক:
মুরুব্বি, উহু উহু
এক ওয়াজ মাহফিলে বক্তা মাওলানা মোস্তাক ফয়েজীর বয়ানের মাঝখানে একজন উঠে যেতে চাইলে তিনি বলেন, “মুরুব্বি, উহু উহু।” মুহূর্তেই এই সংলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর সঙ্গে যোগ হয় তার আরও একটি উক্তি, “এই সোনামণি, বসো, উহু উহু।” নেটিজেনদের মধ্যে এটি রসিকতার উপাদান হয়ে ওঠে।
হাউন আংকেল
ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদকে নিয়ে ছড়িয়ে পড়া এই সংলাপের সূত্রপাত একটি সাক্ষাৎকারে শিশু তারকা সিমরিন লুবাবার মন্তব্য থেকে। তিনি হারুনকে “হাউন আংকেল” বলে সম্বোধন করেন। পরে গণঅভ্যুত্থানের সময় এই সংলাপ ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করেন নেটিজেনরা।
শেখ হাসিনা পালায় না
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার গুজবের জবাবে তিনি বলেন, “শেখ হাসিনা পালায়নি, পালায় না।” কিন্তু আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই সংলাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেয়ালচিত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি বারবার ব্যবহৃত হয়।
পালাব না, কোথায় পালাব
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্য, “আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাব না। কোথায় পালাব!” গণঅভ্যুত্থানের সময় তার গা ঢাকা দেওয়ার পর এই সংলাপ ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার হতে থাকে। নেটিজেনরা মজার ছলে প্রশ্ন তুলতে থাকেন, তিনি কোথায় পালিয়েছেন।
নাটক কম করো পিও
কুমিল্লার এক কিশোরের মন্তব্য থেকে ছড়িয়ে পড়া “নাটক কম করো পিও” সংলাপটি বছরের অন্যতম আলোচিত বাক্য হয়ে ওঠে। গণঅভ্যুত্থানের সময় এই সংলাপ শেখ হাসিনার কার্টুনের সঙ্গে ব্যবহার করা হয়। এমনকি এই বাক্য নিয়ে র্যা টস আসিফের আঁকা একটি কার্টুনও জনপ্রিয়তা পায়।
প্লিজ আমাকে ক্ষমা করে দেও
গ্রামের এক শিশুর আবেগঘন উক্তি, “প্লিজ আমাকে ক্ষমা করে দেও,” সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি নিয়ে টিকটক ভিডিও, শর্টস এবং ডিজে গানও তৈরি হয়।
আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি
চট্টগ্রামের একটি হত্যাকাণ্ডের স্বীকারোক্তিতে পুত্রবধূর মন্তব্য, “তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি,” নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পরিস্থিতিতে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহৃত হয়।
নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবণীতা চৌধুরীর একটি ছবিতে “নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ” মন্তব্য করেন। এটি অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই রসিকতার বিষয় হয়ে ওঠে। কেউ কাউকে প্রশংসা করলে এই মন্তব্য জুড়ে দেওয়া হয়।
দেখেন যা ভালো মনে করেন
গণঅভ্যুত্থানের সময় নেটিজেনরা পর্যবেক্ষণ শেষে মন্তব্য করতেন, “দেখেন যা ভালো মনে করেন।” এটি অভ্যুত্থানের পরও সামাজিক মাধ্যমে বহুল ব্যবহৃত হয়।
২০২৪ সালের এই সংলাপগুলো শুধু সময়ের প্রতিচ্ছবি নয়, বরং সমাজ ও রাজনীতির নানা দিক তুলে ধরে।