১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-সেপ্টেম্বরে রেকর্ড ওমরাহ যাত্রী দেখেছে সৌদি

শেয়ার করুন

চলতি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড সংখ্যক ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ জন যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। এ সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী এর আগে আর কখনও সৌদি আরবে যাননি।

সৌদির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ২০২৪ সালের একই সময়ে ওমরাহ যাত্রীর সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই ওমরাহ যাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৫৭ দশমিক ৪ শতাংশ এবং নারী ছিলেন ৪২ দশমিক ৬ শতাংশ। যাত্রীদের মধ্যে ১০ দশমিক ৭ শতাংশ সৌদি সরকারের অতিথি হিসেবে এসেছিলেন, এবং তাদের যাবতীয় ব্যয়ভার সৌদি সরকার বহন করেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগত ওমরাহ যাত্রীদের মধ্যে ২৯ দশমিক ২ শতাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। এই বিদেশি যাত্রীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৫১ শতাংশ (১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন) এবং নারীর সংখ্যা ছিল ৪৯ শতাংশ (১৬ লাখ ৩৮ হাজার ৭৪৩ জন)।

এছাড়া, গত বছরের তুলনায় এ বছর সৌদির অভ্যন্তরীণ ওমরাহ যাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ২০২৪ সালে অভ্যন্তরীণ যাত্রীর সংখ্যা বেড়েছে ২৯ লাখ ৬ হাজার ২৩৯ জন, যা শতকরা হিসেবে ৪২ দশমিক ৪ শতাংশ বেশি।

 

শেয়ার করুন