
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে, তা নিয়ে আমরা দেড় বছর আগেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যেখানে সব ধরনের সংস্কারের পরিকল্পনা উল্লেখ আছে। তাই সংস্কার নিয়ে নতুন করে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সরকার গঠন করে বিএনপি এই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে।
রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের সমারম্ভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ ছাড়া একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুস্থ, সবল এবং মেধাবীরাই দেশকে এগিয়ে নিয়ে যায়। আমরা সঠিক খাতে বিনিয়োগ না করে পদ্মা সেতু ও টানেলের মতো প্রকল্পে বিনিয়োগ করেছি। আমাদের উচিত ছিল অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ করা। এ দুটি খাতে বিনিয়োগ ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয়।”
সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন ড. শেখ আহমাদ-আল-নাহিদ, প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চারজন নবাগত শিক্ষার্থী।