গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা সদর বাজারের ‘লিজা গার্মেন্টস’ নামের একটি পোশাক দোকানের বিরুদ্ধে ক্রেতা সাধারণের কাছ থেকে কাপড়ের অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের সাথে চরম অসদাচরণের অভিযোগ উঠেছে।
স্থানীয় ভুক্তভোগী ক্রেতাদের দাবি, দোকানটিতে যেকোনো পোশাকের গায়ে লেখা মূল্যের চেয়ে অনেক বেশি দাম হাঁকা হয়। কোনো ক্রেতা দাম নিয়ে যৌক্তিক কথা বললে বা প্রতিবাদ করলে দোকানের কর্মচারীরা দলবদ্ধ হয়ে ক্রেতাদের সাথে অত্যন্ত আপত্তিকর ও খারাপ আচরণ করেন। বিশেষ করে সাধারণ ও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা এই দোকানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল জানান, প্রতিনিয়ত এভাবে ভোক্তাদের ঠকানো এবং তাদের সাথে দুর্ব্যবহার করা বাজার ব্যবস্থাপনার নিয়মনীতির পরিপন্থী। দ্রুত এ বিষয়ে বাজার মনিটরিং কমিটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ক্রেতারা।