২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎সোনাইমুড়ীতে ইসলামী ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন, এস আলমের শাস্তির দাবি

শেয়ার করুন

ইয়াছিন আরাফাত (নোয়াখালী সোনাইমুড়ী প্রতিনিধি):

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে এবং ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরতের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎রবিবার (২৪ মে) বেলা ১১টায় সোনাইমুড়ী ইসলামী ব্যাংকের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সেক্রেটারি সামছুল আরেফিন জাফর।

‎মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা মাইন উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়া, শিক্ষক হাফেজ মাওলানা আলা উদ্দিন, শিক্ষাবিদ হাসানুজ্জামান, ব্যবসায়ী মোস্তাক আহমেদ বেলাল,হাসিনা আক্তার মুন্নি ও আমির হোসেন।

‎বক্তারা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় এই ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের কারণে ব্যাংকটি সংকটে পড়েছে বলেও তারা দাবি করেন।

‎তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে লুট ও পাচার হওয়া অর্থ দ্রুত ব্যাংকের কোষাগারে ফিরিয়ে আনতে হবে। এস আলম গ্রুপ নামে-বেনামে ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আত্মসাৎ করেছে, তার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গ্রুপটিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

‎বক্তারা বলেন, রাজনৈতিক বা বিশেষ কোনো মহলের স্বার্থে নয়, সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটিকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দিতে হবে।

‎মানববন্ধন শেষে ইসলামী ব্যাংক সচেতন সমাজের একটি প্রতিনিধি দল শাখা ব্যবস্থাপক মো. রাশেদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ব্যাংকের পুনর্গঠন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শেয়ার করুন