রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে সরকারের নীতিমালার বৈধতাও প্রশ্নের মুখে পড়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত ঢাকার ফুটপাতে হকারদের স্থান বরাদ্দের বিদ্যমান ব্যবস্থা আইনগত ভিত্তি বহন করে কি না, তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।
রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।
রিটে যুক্তি দেখানো হয়, ফুটপাত পথচারীদের জন্য। সেখানে হকারদের জায়গা বরাদ্দ দিলে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয়, যা জনস্বার্থের পরিপন্থী।
আদালতে শুনানিকালে রিটকারীর পক্ষে আইনজীবী বলেন, ‘ফুটপাত ও রাস্তার ওপর হকারদের স্থান বরাদ্দ দেওয়ার কোনো আইনি অবকাশ নেই। বরং এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি। আদালত প্রাথমিকভাবে এ যুক্তি আমলে নিয়ে রুল জারি করেন।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতে হকারদের দখল নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ পথচারীরা। হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬-এ নির্দিষ্ট কিছু জায়গায় হকারদের স্থান বরাদ্দের বিধান রাখা হয়। তবে এ নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনা বাড়ছিল। এবার সেই নীতিমালার বৈধতা প্রশ্নে হাইকোর্টের এ রুল নগরবাসীর মধ্যে নতুন আগ্রহের সৃষ্টি করেছে।