গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ মে, ২০২৬ (শনিবার) ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৮০৮টি ফ্যামিলি কার্ড বিতরণ কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
চর বিশ্বাস ইউনিয়নে আয়োজিত এই কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর বলেন, "বর্তমান সরকার দেশের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে চর বিশ্বাসের খেটে খাওয়া ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং এটি তাদের অর্থনৈতিক সুরক্ষায় একটি বড় ভূমিকা রাখবে।"
তিনি সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।