মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ও হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা অবরোধ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
যাত্রীবাহী বাস আড়াআড়ি রেখে ব্যারিকেড দেওয়ায় মহাসড়কের দুই পাশে শত শত বাস ও ট্রাক আটকা পড়েছে। তীব্র গরমে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
হবিগঞ্জের পক্ষের অভিযোগ, শ্রীমঙ্গলের ‘এসএমএস’ বাস মালিক সমিতি ও স্থানীয় শ্রমিকেরা হবিগঞ্জের বিরতিহীন বাসগুলোকে মৌলভীবাজারে স্টপেজ দিতে দিচ্ছে না। প্রায়ই বাস আটকে রেখে চালক-স্টাফদের হয়রানি ও মারধরের ঘটনা ঘটছে। প্রশাসনের আশ্বাসের পরও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে অবরোধে নেমেছেন বলে জানান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্যারিকেড না তোলার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কিছু পরিবহন নসরতপুর-মিরপুর-ধুলিয়াকাল হয়ে বিকল্প রুটে চলছে। তবে এতেও প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহনের যাত্রায় ঘণ্টার পর ঘণ্টা দেরি হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এসে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে মূল বিরোধ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল কেন্দ্রিক হওয়ায় এখনো চূড়ান্ত সমাধান আসেনি। প্রশাসন স্থায়ী সমাধানের চেষ্টা করছে।