বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করছে সরকার। কোরবানির ঈদ উপলক্ষে এবার খাদ্যপণ্যের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত বছর যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
তিনি বলেন, বিশেষ প্রয়োজন ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে ভবিষ্যতেও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাকসেল কার্যক্রম চালু রাখা হবে। পাশাপাশি টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য সরবরাহ কার্যক্রমও নিয়মিত অব্যাহত থাকবে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, গত সরকার পতনের পর টিসিবির এক কোটি উপকারভোগীর তালিকা পর্যালোচনায় প্রায় ৫৯ লাখ নাম ভুয়া বা প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হয়। পরে নতুন ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন শুরু করা হয়। বর্তমানে উপকারভোগীর সংখ্যা ৮০ লাখে পৌঁছেছে এবং আরও ২০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
টিসিবির ডিলার নিয়োগেও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং দ্রুত তা বাস্তবায়ন করা হবে।
দেশে আমদানিনির্ভর নিত্যপণ্যের বাজার একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এমন ধারণা মানুষের মধ্যে রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষের মধ্যে সরকারের নিয়ন্ত্রণ সক্ষমতা নিয়ে হতাশা তৈরি হয়। তাই বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট বা কারসাজি করতে না পারে, সেজন্য সরকার সুপরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে।