এস এম শাহরিয়ার, খুলনা:
খুলনা মহানগরীতে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকা অভিমুখে যাত্রা অব্যাহত রাখে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার {৪ মে} মহানগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু হাওলাদার (প্রায় ৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার পেটে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে আহত ব্যক্তির সঙ্গে আসা এক নারী জানান, রাজু তার ছেলের পরিচিত। আহত অবস্থায় তিনি তাদের বাসায় আশ্রয় নেওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকদের পরামর্শে অবস্থার অবনতি হওয়ায় সোমবার গভীর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। কয়েকটি গুলি অ্যাম্বুলেন্সের গায়ে লাগে বলে জানা গেছে।
পরিস্থিতি বেগতিক দেখে চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে যান। পরে পুলিশের নিরাপত্তা সহায়তায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় অ্যাম্বুলেন্সটি।
অ্যাম্বুলেন্স চালক জানান, হাসপাতাল থেকে রওনা দেওয়ার অল্প সময়ের মধ্যেই হামলার মুখে পড়তে হয়। দ্রুত সিদ্ধান্ত না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরে নিরাপত্তা নিশ্চিত করে যানবাহনটিকে গন্তব্যের পথে পাঠানো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আহত রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে কোথায় এবং কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।