এস এম শাহরিয়ার, খুলনা:
খুলনা সিটি করপোরেশনের আওতাধীন যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের ২০২৫-২০২৬ অর্থবছরের লাইসেন্স নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কার্যক্রমের উদ্বোধন করেন। যার কার্যক্রম রবিবার থেকে কার্যকর করা হয়।
করপোরেশন সূত্রে জানা গেছে, ৩ মে থেকে শুরু হওয়া এই নবায়ন কার্যক্রম আগামী ৩১ মে পর্যন্ত চলবে। প্রতিটি যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
লাইসেন্স নবায়নের জন্য চালক ও মালিকদের নিজ নিজ ব্লু-বুক এবং আরএফআইডি কার্ড প্রদর্শন করে খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স শাখা থেকে বিল কপি সংগ্রহ করতে হবে। পরে ইসলামী ব্যাংক খুলনা মহানগরীর নির্ধারিত শাখায় টাকা জমা দিয়ে অফিস কপি প্রদর্শনের মাধ্যমে লাইসেন্স শাখা থেকে ব্লু-বুক নবায়ন সম্পন্ন করতে হবে।
এ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু লাইসেন্সবিহীন কোনো ইজিবাইক সড়কে না চালানোর জন্য চালক ও মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের পর আরএফআইডি কার্ড, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকার ছাড়া ইজিবাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মো. দেলোয়ার হোসেন এবং লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান।