সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাংলা বিভাগের উদ্যোগে বিশ্বায়ন ও বহুভাষিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এস এ দেলওয়ার হোসেন।
রবিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে বাংলা বিভাগের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বিশ্বায়নের ধারণা, এর পরিধি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বহুভাষিকতার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বিভিন্ন ভাষার বৈশিষ্ট্য, উৎপত্তি ও ক্রমবিকাশ, ভাষার পার্থক্য ও প্রবন্ধ রচনার মূল বিষয় নিয়েও আলোকপাত করেন।
প্রবন্ধ উপস্থাপক ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু রায়হান বলেন, “বিশ্বায়নের যুগে বহুভাষিকতা অপরিহার্য। এটি বিশ্বের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। বহুভাষিক চর্চার মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর হয় এবং মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন সম্ভব হয়।”
মুখ্য আলোচক অধ্যাপক মনসুর মুসা বলেন, “বিশ্বায়নের ঐতিহাসিক প্রেক্ষাপটে বহুভাষিকতা যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করে। জাতীয় পরিচয়ের জন্য মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ভাষাগত পার্থক্য ও একেক ভাষার ভঙ্গি ভাষাবিজ্ঞানের সৌন্দর্য বৃদ্ধি করে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বলেন, “বাংলা বিভাগের আয়োজন শিক্ষার্থীদের জন্য ভিন্ন এক শিক্ষণীয় অভিজ্ঞতা। সুন্দর আয়োজনের মাধ্যমে তারা বিশ্বায়ন ও বহুভাষিকতা বিষয়ে সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারছে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম দেলওয়ার হোসেন বলেন, “মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ বজায় রাখার মাধ্যমে এই সেমিনার আত্মউন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।