অনেক দিন ধরেই রটেছে শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে দিয়েছেন রহস্যময় উত্তর। এতে গুঞ্জনের আগুন উস্কে গেলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন নায়িকা।
আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী পরিষ্কার করে জানিয়েছেন, তিনি সাধারণ দর্শকদের বিরুদ্ধে নন। বরং যারা মিথ্যা তথ্য ছড়ায় এবং এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে তাদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের কথা বলেছেন।
বুবলী বলেন, ‘দর্শকদের জায়গা থেকে অনেক ধরনের ধারণা থাকে। ব্যক্তি বুবলীর একটা মানে আছে। আমার পার্সোনাল লাইফ আছে, তার বাইরে প্রফেশনাল লাইফ যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা। আমার সম্পর্কে দর্শকদের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো ধারণা করেন। কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এটা আমি কখনোই বলিনি। আমি বলেছি যারা গুজব ছড়ায়, মিথ্যা কথা বলে ও এআই দিয়ে ভিডিও বানায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। সমাজে নেতিবাচক কথা দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা কোথায় যেন মানসিকভাবে পুঙ্গ হয়ে যাচ্ছি।’
সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানের মা হওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন বুবলী। বিবাহিত নারী হিসেবে মা হওয়ার বিষয়টি একান্তই ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন ম্যারিড পারসন। সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি এটা দর্শকদের কখন বলব বা বলব না এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তি স্বাধীনতা। কারণ, একজন মেয়ে যদি বিবাহিত হয় তার সেই সংবেদনশীল বিষয়টি নিয়ে যখন মানুষ অনেক ধরনের গল্প তৈরি করে সেটা দুঃখজনক। অডিয়েন্সের কাছে আমাদেরকে সবকিছু কেন জবাবদিহি করতে হবে? দর্শকরা হয়তো আমার কোনো সিনেমা দেখছেন সেটা নিয়ে গঠনমূলক আলোচনা করছে সেটা যেমন একটা বিষয়, তেমনি আমাদের কোন বিষয় আমরা কথা বলব বা বলব না সেটাও আমাদের নিজস্ব সিদ্ধান্ত।’
বুবলী যোগ করেন, ‘ব্যক্তি স্বাধীনতা সবার আছে।শুধু বাংলাদেশে না বলিউড-হলিউডেও দেখি সবার ব্যক্তি স্বাধীনতা আছে। সাংবাদিকরা শিল্পীদের অনেক কিছু জিজ্ঞেস করেন, কিন্তু তারা তাদের মতো করে সময় নিয়ে সবকিছু বলে। আমার মনে হয়, মন গড়া কোনো কিছু না বলে সংবেদনশীল বিষয়গুলোতে সম্মান বজায় রেখে কমেন্ট করা উচিত। আই হ্যাভ মাই ফ্যামিলি (আমার একটা পরিবার আছে) যেট দর্শকরা জানে। এখন হয়তো তারা বলবেন, একজন পাবলিক ফিগারের ব্যক্তিজীবন সম্পর্কে আমরা জানতেই পারি। তবে আমার মতে, সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত।’
সবশেষে তিনি বলেন, ‘আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি। তারাও কিন্তু তাদের সবকিছু ওপেন করেন না। তাদের লাইফটা একটা লিমিটেশনস-এর মধ্যে রাখেন। কাজের প্রতি দায়বদ্ধতা থাকে বলেই আমরা অনেক সিচুয়েশনে কাজ করি। কিন্তু তার মানে এই না যে সবকিছু সবসময় জবাবদিহি করে চলতে হবে।’
‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা বুবলী। দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।
২০২০ সালে প্রথমবার মা হন অভিনেত্রী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন প্রায় দুই বছর পরে। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তার। তাদের প্রথম সন্তানের জন্ম হয় আমেরিকায়। তার নাম শেহজাদ খান বীর।