
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট মতামত দমনে চাপ প্রয়োগের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিশনার থিয়েরি ব্রেতোঁসহ মোট পাঁচজন প্রভাবশালী ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্ত জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ব্যক্তিদের ‘চরমপন্থী কর্মী’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তারা বিদেশি সরকারের হয়ে মার্কিন নাগরিক ও কোম্পানিগুলোর বাকস্বাধীনতার ওপর সেন্সরশিপ আরোপের চেষ্টা করেছেন।
ভিসা নিষেধাজ্ঞার তালিকায় থাকা থিয়েরি ব্রেতোঁ ইইউ-এর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) মূল পরিকল্পনাকারী, যা নিয়ে এক্স-এর মালিক ইলন মাস্কের সঙ্গেও তার দীর্ঘ বিরোধ রয়েছে। ব্রেতোঁ ছাড়াও তালিকায় রয়েছেন ব্রিটেনের ডিসইনফরমেশন ইনডেক্সের (জিডিআই) প্রধান ক্লেয়ার মেলফোর্ড, ইমরান আহমেদ এবং জার্মান সংগঠন হেটএইডের দুই কর্মকর্তা। মার্কিন উপমন্ত্রী সারা বি রজার্সের মতে, এই ব্যক্তিরা মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে গণমাধ্যমকে কালো তালিকাভুক্ত করার অপচেষ্টা করেছেন। ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে ব্রেতোঁসহ অন্যরা এই নিষেধাজ্ঞাকে ‘কর্তৃত্ববাদী আক্রমণ’ এবং ‘আইনের শাসনের লঙ্ঘন’ বলে দাবি করেছেন।
সিএনআই/২৫