
মাঝেমধ্যে চোখের পাতা কাঁপা বা হাত-পায়ের পেশিতে টান পড়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফ্যাসিকুলেশন’। সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা, ক্লান্তি কিংবা ক্যাফেইন জাতীয় পানীয় বেশি পানের ফলে স্নায়ু উত্তেজিত হয়ে এমনটা হতে পারে। এছাড়া শরীরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা ভিটামিনের অভাব এবং পানিশূন্যতাও পেশি কাঁপার অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্ষতিকর নয় এবং পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার গ্রহণ করলেই সেরে যায়।
তবে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, সব সময় এই কাঁপুনিকে সাধারণ মনে করা ঠিক নয়। যদি পেশি কাঁপুনির পাশাপাশি আক্রান্ত স্থান দুর্বল হয়ে পড়ে, পেশির আকার ছোট হয়ে যায় কিংবা জিহ্বায় দীর্ঘ সময় ধরে কাঁপুনি থাকে, তবে তা স্নায়বিক সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়া জীবনযাত্রায় পরিবর্তন আনার পরও যদি কয়েক সপ্তাহ ধরে এই সমস্যা স্থায়ী হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখলে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সিএনআই/২৫