
রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানে ২৮ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই বিচার শুরুর আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন— মেজর মো. রাফাত বিন আলম, সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং সাবেক ওসি মো. মশিউর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্ট মাসে আন্দোলন চলাকালে রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় তদন্ত প্রতিবেদন যাচাই শেষে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে সরাসরি গুলি বর্ষণ ও হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আসামিপক্ষ থেকে অব্যাহতির আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এর আগে গত ২২ অক্টোবর এই মামলায় গ্রেফতারকৃত দুই বিজিবি কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
সিএনআই/২৫