
আসন্ন ভারত সফরের জন্য তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ওয়ানডেতে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল এবং টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। তবে এই সিরিজের সবচেয়ে বড় চমক হলো দলে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনের অনুপস্থিতি। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ইনজুরি ঝুঁকির কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারত সফরের এই দলটিতে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভান জ্যাকবস, টিম রবিনসন ও জেডেন লেনক্স প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে দুই ফরম্যাটেই ফিরেছেন কাইল জেমিসন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজটি কিউইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইলিয়ামসন ছাড়াও রাচিন রবীন্দ্র ও উইল ও'রুর্কের মতো নিয়মিত ক্রিকেটারদের ওয়ানডে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে।
সিএনআই/২৫