
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম সাধারণ মানুষের নাগালে আনতে আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। জনস্বার্থে এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটি কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, গত বাজেটে খেজুরসহ সব ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল, যা চলতি বছরেও বহাল রাখা হয়েছে। এনবিআর আশা করছে, আমদানিতে এই ৪০ শতাংশ শুল্ক কমানোর ফলে বাজারে খেজুরের মূল্য সহনীয় পর্যায়ে আসবে এবং পবিত্র রমজান মাসে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।
সিএনআই/২৫