ডিসেম্বরের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জাতীয় পুরুষ ফুটবল দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আগের মতোই ১৮০তম স্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ না থাকায় অবস্থান অপরিবর্তিত থাকলেও রেটিং পয়েন্টে এসেছে সামান্য পরিবর্তন।
সোমবার (ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে। গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের পর আন্তর্জাতিক ফুটবলে কোনো ফিফা উইন্ডো না থাকায় বাংলাদেশের মতো অনেক দলের অবস্থানেই বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
র্যাঙ্কিংয়ে অবস্থান একই থাকলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট সামান্য কমেছে। নভেম্বরে যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯১১ দশমিক ১৯, ডিসেম্বরে তা নেমে এসেছে ৯১১ দশমিক ১০–এ। এই অল্প ব্যবধান অবস্থান পরিবর্তনের জন্য যথেষ্ট না হলেও প্রতিযোগিতার চাপ স্পষ্ট করছে। কারণ, এক ধাপ ওপরে থাকা কম্বোডিয়ার পয়েন্ট ৯১১ দশমিক ৫৪, যা বাংলাদেশের খুব কাছাকাছি।
নভেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ নিয়েও আলোচনা হয়েছে র্যাঙ্কিং প্রসঙ্গে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নেপালের সঙ্গে ম্যাচ খেললেও তা নভেম্বরের র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নজরে এলে ফিফা ও এএফসি ডিসেম্বরের র্যাঙ্কিংয়ে সেটি সমন্বয়ের আশ্বাস দেয়। ওই ম্যাচের প্রভাবেই বাংলাদেশের পয়েন্টে সামান্য পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।
নেপালের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে দুই গোলের ড্র করায় তাদের পয়েন্ট বেড়েছে। নভেম্বরে নেপালের পয়েন্ট ছিল ৯০২ দশমিক ৪৪, যা ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৯০২ দশমিক ৫২–এ। তবে অবস্থানের উন্নতি হয়নি, কারণ তাদের ওপরে থাকা দলগুলোর পয়েন্ট ব্যবধান এখনো রয়ে গেছে।
এদিকে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে স্পেন, এরপর যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
সব মিলিয়ে ডিসেম্বরের র্যাঙ্কিং বাংলাদেশের জন্য স্থবিরতার বার্তা দিচ্ছে। তবে পয়েন্টের এই সূক্ষ্ম ওঠানামা ইঙ্গিত দিচ্ছে—একটি ম্যাচের ফলই বদলে দিতে পারে অবস্থান। সামনে আন্তর্জাতিক ম্যাচ শুরু হলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ কতটা কাজে লাগানো যায়, সেটাই এখন দেখার বিষয়।
সিএনআই/২৫
